রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ‘১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭’-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা অঞ্চলের উচ্চমাধ্যমিক ও ‘এ’ লেভেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে দুপুর ২টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬তম রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্বের কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দীন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, “আজকের এই অলিম্পিয়াড কেবল প্রথম ২০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর পরিধি ও উদ্দেশ্য অনেক বড়। রসায়নকে জনপ্রিয় করা, রসায়নের ব্যবহার সম্পর্কে সবাইকে বুঝতে সক্ষম করা, এমনকি রসায়নের যে ব্যাপ্তি, তা সারা দেশে বা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের এই রসায়ন অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “আজকে যারা পরীক্ষা দিয়েছে, সবাই ভালো করেছ। কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখেছে। কুমিল্লা অঞ্চল শিক্ষা, সাহিত্য ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে তুলনা করতে গেলে এ অঞ্চলে শিক্ষার হার অনেক বেশি এবং মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও বেশি।”