রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের ১৪৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দাউদকান্দি ও মেঘনার বিতরণ কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সেগুলো কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
দাউদকান্দিতে ১০৭টি কেন্দ্র ও ৬৮৮টি ভোটকক্ষের বিপরীতে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫৩৫ জন। মেঘনায় ৩৮টি কেন্দ্র ও ২২৩টি ভোটকক্ষে ভোটার ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন।
প্রশাসন জানিয়েছে, সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত বাহিনী ও ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করবে। মেঘনার ৩৮টি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।