কুমিল্লায় পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে এসআরবি

স্টাফ রিপোর্ট।।

কুমিল্লায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান মেজর সাদমান ইবনে আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং একই থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।

এসআরবি-১১ জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালায় সিপিসি-২-এর একটি দল। এ সময় ছামির ইসলাম ও মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অপরাধে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।