কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের “ছোটনা মডেল হাই স্কুল” মাঠে ওই মাদক বিরোধি র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ছোটনা মডেল হাই স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. ফরহাদ কাজীর সভাপতিত্বে এবং বাংলাদেশ গ্রীন এন্ড পাবলিক ওয়েলফেয়ার কাউন্সিল’র প্রতিষ্ঠাতা সদস্য মো. সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, মো. অহিদুর রহমান, মো. সাইফুল ইসলাম স্বপন, মো. জহিরুল ইসলাম জহির।

অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, মো. বিল্লাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. মিশন, মো. মেহেদী হাসান, মো. জাভেদ আহমেদ, মো হাসান প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হাসান বলেন, আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। দেবীদ্বার উপজেলাকে মাদক মুক্ত করতে আমাদের পুলিশ প্রশাসন দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের ব্যবসায়ী এবং এর পেছনে থাকা অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা কোনো প্রকার আপস করব না।

তবে কেবল পুলিশ বা প্রশাসনের একার পক্ষে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে, তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে। এলাকার সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, নিজে মাদক থেকে দূরে থাকব, পরিবারকে দূরে রাখব এবং মাদক কারবারিদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করব। আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেবীদ্বারকে একটি সুন্দর, নিরাপদ এবং সম্পূর্ণ মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব।

আয়োজকদের পক্ষে মো. জাভেদ আহাম্মেদ বলেন, আজকের এই মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং পুরো রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। তরুণ সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি, আর এই তরুণদেরই সবচেয়ে বেশি গ্রাস করছে মাদকের নীল দংশন।