পারভেজ সরকার, দেবিদ্বার।।
“ভালো মানুষগুলো সমাজের পাশে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নিলে ধীরে ধীরে সমাজ থেকে খারাপ কিছু দূর হয়ে যাবে। আপনারা পাশে থাকলে গুনাইঘর উত্তর ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করার চেষ্টা করব।”
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক শুক্রবার বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন।
নিজের ১৮ বছরের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে আবু বকর সিদ্দিক বলেন, ২০০৮ সালে গুনাইঘর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার দাবি করে তিনি বলেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে ছিলেন। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনের সময় অনেকেই প্রার্থী হয়ে এলেও নির্বাচনের পর তাদের অনেককে এলাকায় দেখা যায় না—এমন মন্তব্য করে তিনি বলেন, “অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব।”
চেয়ারম্যান নির্বাচিত হলে ১১ দফা ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আবু বকর সিদ্দিক বলেন, তাঁর প্রধান অগ্রাধিকার হবে দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন। পাশাপাশি রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকের সহায়তা, মাদকমুক্ত সমাজ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষায় অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, গুনাইঘর উত্তর ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। কৃষকদের প্রয়োজনীয় সার, কীটনাশকসহ কৃষি উপকরণ সময়মতো পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মাদকমুক্ত ইউনিয়ন গড়ার বিষয়ে তিনি বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শিক্ষার ক্ষেত্রে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। নারীদের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার কথাও জানান তিনি।
সবশেষে গুনাইঘর উত্তর ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শামীম। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, বাচ্চু মিয়া মাস্টার, আব্দুল খালেক, নূরুল ইসলাম ভূঁইয়া, আবু তাহের সরকার, হালিম মিয়া, ইমন সরকার ও মো. আলম মাস্টার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদেক হোসেন মাহিন।