চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির গরু লুট, ডাকাতের হামলায় চালক হেলপার আহত

ডেস্ক রিপোর্ট।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০টি গরু লুট করার ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় চালক ও তার সহকারী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে মহাসড়কের উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরুবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশে রওয়ানা করে। বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রামের বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮-১০ জন ডাকাত ট্রাকটি ব্যারিকেড দিয়ে চালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকের নিয়ন্ত্রণে নেয়। পরে ডাকাতদল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লাবাড়ির সামনে নিয়ে যায়। এর পরে তাদের একটি পিকআপে ১০টি গরু নিয়ে চালক আকরাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায়।

এ অবস্থায় তাদের দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গরুর মালিক মো. রফিক জানান, বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১৩ লাখ টাকা মূল্যের ১০টি বিভিন্ন জাতের গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে চালক আকরাম হোসেন রওয়ানা করেন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো চট্টগ্রাম হাটে নেয়া হচ্ছিল। ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গরুগুলো নিয়ে যায়।

ওসি বলেন, ‘গরুর মালিক খবর পেয়ে থানায় উপস্থিত হয়েছেন। ট্রাকচালক ও হেলপারকে সন্দহ করায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান আছে।’
সূত্র- স্টার নিউজ