জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি মসজিদের ইমাম ও খতিবদের শান্তিশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে খুতবায় বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।