দাউদকান্দিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আহনাফ তিহামী,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের চাচাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মালীগাঁও ইউনিয়নের তালেরছেও গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো তালেরছেও গ্রামের ইসমাইল মিয়াজীর ছেলে আয়ান (২) এবং জাহিদুর রহমানের ছেলে আদিল (২)। তারা পরস্পর চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে পানিতে ডুবে যায় দুই শিশু। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মালীগাঁও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আল-আমিন মিয়াজী বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দুই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।

এদিকে, একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।