দাউদকান্দিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ

আহনাফ তিহামী, দাউদকান্দি।।

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বরগোয়ালী, চরগোয়ালী ও নোয়াদ্দা আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। তালবীজ রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং দুর্যোগ মোকাবিলায় সামাজিক দায়িত্ববোধ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান তালুকদার, চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দেবনাথ, সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক কাজী মো. আক্তার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়াসহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, গত মাসে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। মাসব্যাপী কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার তালবীজ রোপণ করা হবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, ২০১১ সাল থেকেই আমরা বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করে আসছি। গত ১৫ বছরে সারাদেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এবারও বিভিন্ন এলাকায় পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।