দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
মাদরাসা শিক্ষা ও মাদরাসাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ। একই সঙ্গে কোনো মাদরাসা বা শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই করে তথ্য-উপাত্তের ভিত্তিতে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর বাজারের আল মদিনা মাদরাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা নাজির আহমেদ বলেন, মাদরাসা দেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি অনেক মাদরাসায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ বিভিন্ন সাধারণ বিষয় পড়ানো হয়। তাই মাদরাসা শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা অনাকাঙ্ক্ষিত।
তিনি বলেন, সম্প্রতি দুই শিক্ষার্থীর মধ্যে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে নেতিবাচক ও বিভ্রান্তিকর বক্তব্য ও প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের প্রচারণা নিন্দনীয় এবং সমাজের জন্য ক্ষতিকর। সঠিক তথ্য যাচাই করে সংবাদ ও বক্তব্য প্রচারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
মাওলানা নাজির আহমেদ আরও বলেন, মাদরাসা শিক্ষা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করতে হবে। কোনো অভিযোগ থাকলে তা তথ্য-উপাত্তের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে সাংবাদিকদের সত্য ও নিরপেক্ষভাবে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং করণীয় বিষয়ে বক্তব্য দেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা নজির আহমেদ কাসেমী।
মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার, গণমাধ্যম, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বক্তারা বলেন, কোনো একটি ঘটনার জন্য পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে দায়ী করা উচিত নয়। কোথাও অনৈতিকতা বা অনিয়মের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।