বিএনপির সমালোচনা করলেও কেউ গ্রেপ্তার গুম হয় না-রিজভী

স্টাফ রিপোর্টার।।
বর্তমানে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, সেখানে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে কেউ কঠোর সমালোচনা করলেও তাকে গ্রেপ্তার বা গুম হয় না। কারও লাশ নদীর পাড়ে, খালের ধারে কিংবা ধানক্ষেতে পড়ে থাকে না।

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার বিকেল ৫টায় চৌদ্দগ্রামের মাশকারা গ্রামে আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, গণতন্ত্র ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করেছেন।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণতন্ত্রের জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেছেন। তাঁর ছেলে তারেক রহমান ক্ষমতাসীন হয়েও কারও প্রতি প্রতিশোধ নেননি এটাই গণতন্ত্রের দৃষ্টান্ত।

এ সময় একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে রিজভী বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রির কথা বলছে, অথচ মানুষের জীবনকে দুর্যোগ ও নরকের আগুনের দিকে ঠেলে দিচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়াই তার প্রমাণ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরা।