স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া কলেজের বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছেন মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, কলেজটির সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত পরিস্থিতি এতটাই খারাপ যে তা ‘গোশালার’ চেয়েও নাজুক বলে মনে হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।
মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের অভাবে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি, ভবনের জরাজীর্ণ অবস্থা এবং পরিচ্ছন্নতার অভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত সংস্কার ও উন্নয়নের মাধ্যমে কলেজটির পুরোনো গৌরব ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান এবং কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. কবির আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।