মুরাদনগরে পাষন্ড স্বামীর হাতে স্ত্রী খুন

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর।।
মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামে পারিবারিক কলহের জেরে আরজুনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার পাষন্ড স্বামী জামাল শিকদার।
সোমবার (১০ই আগষ্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আরজুনা পাহাড়পুর এলাকার সফিক মাঝির মেয়ে। দাম্পত্য জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল শিকদার শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির পাশের একটি মাছের প্রজেক্ট থেকে খাবার খেতে বাড়িতে আসেন। এ সময় তার স্ত্রী রান্না করতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল শিকদার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী আরজুনাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

এ সময় তাদের ১১ বছর বয়সী ছেলে ভয়ে চিৎকার করে পাশের বাড়িতে আশ্রয় নেয়।
পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এসে আরজুনাকে ঘরের দরজার পাশে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলের পাশে একটি ধারালো দা পড়ে ছিল বলেও স্থানীয়রা জানান।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটে বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।