আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিকে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনার ব্যাখ্যা তুলে ধরে অপপ্রচারের প্রতিবাদ জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২২ অক্টোবর গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ডিকে হাসপাতালে সেবা নিতে আসেন। এ সময় সেবার চার্জ নিয়ে হাসপাতালের রিসেপশনে তাঁর সঙ্গে সামান্য ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। এরপর ওই শিক্ষক সন্তুষ্ট হয়ে হাসপাতাল ত্যাগ করেন বলে দাবি কর্তৃপক্ষের।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, মীমাংসিত ওই ঘটনাকে কেন্দ্র করে গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে হাসপাতাল এবং সংশ্লিষ্ট নারী রিসেপশনিস্টের মানহানি করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা। এ ধরনের প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের জানুয়ারিতে দাউদকান্দি, মেঘনা, তিতাস ও মতলব এলাকার মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ডিকে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা, রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও অস্ত্রোপচারসেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সুস্থ প্রতিযোগিতাকে তাঁরা স্বাগত জানান। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কাম্য নয়। তিনি ভবিষ্যতেও রোগীদের আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট শিক্ষক কামরুজ্জামান, চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।