গাজী রুবেল।।
মধ্যপ্রাচ্যের সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর আল-রিফা’আ এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি প্রবাসী কৃষিশ্রমিক শাহ আলম ভূইয়ার মরদেহ আট দিন পর দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকায় তার নিজ বাড়িতে কফিনবন্দী মরদেহ পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
মরদেহবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছাতেই স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা কফিন জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রতিবেশী ও স্থানীয় লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন। এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় পুরো এলাকায়।
জানা যায়, গত ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আকাশে অনুপ্রবেশকারী একটি ড্রোন দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। পরে আল-রিফা’আ এলাকার একটি কৃষি খামারের ওপর ড্রোনটির ধ্বংসাবশেষ গিয়ে পড়ে। এতে সেখানে কর্মরত শাহ আলম ভূইয়া (৪৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত শাহ আলম ভূইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার ইসমাইল ভূইয়া বাড়ির মৃত হানিফ ভূইয়ার মেজ ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, ঘটনার আট দিন পর মরদেহটি দেশে পৌঁছেছে। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।