মোঃ জাহাঙ্গীর আলম, মেঘনা প্রতিনিধি
মেঘনা উপজেলার শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র আবুল কালাম ভূঁইয়া তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের শেষ কর্মদিবস সম্পন্ন করলেন।
০৯ জুলাই ২০০৯ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর সুপরিকল্পিত ব্যবস্থাপনা, সততা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ ও সময়নিষ্ঠতার মাধ্যমে তিনি অল্প সময়েই বিদ্যালয়টিকে উপজেলার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেন।
শিক্ষা উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি ও পাবলিক পরীক্ষার ফলাফল উন্নয়নে তাঁর সৃষ্টিশীল চিন্তা, দূরদর্শিতা এবং কার্যকর সমন্বয় ভূমিকা রেখে গেছে অনন্য দৃষ্টান্ত। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও অংশীজনদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে তিনি নারী শিক্ষা বিস্তার এবং সামগ্রিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শিক্ষা, শিক্ষকতা ও শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক তাঁর রচিত কবিতাসমূহও সুধীজনের মাঝে ইতোমধ্যেই সমাদৃত। এক কথায়, তিনি মানুষ গড়ার কারিগর এবং সমাজ পরিবর্তনের একজন নিবেদিতপ্রাণ কর্মী।
দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টিও একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়। এছাড়া তিনি দুইবার বাংলাদেশ স্কাউটস, মেঘনা উপজেলা শাখার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে মেঘনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি মেঘনা উপজেলার বারহাজারী গ্রামের মরহুম কলিম উদ্দিন ভূঁইয়া (মাস্টার) এর কনিষ্ঠ পুত্র। পেশাগত জীবনে তিনি তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় (সোনারগাঁও), মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী ও সহকারী প্রধান শিক্ষক এবং সর্বশেষ মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ৩৯ বছর সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়-সততা, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষা দিয়ে গেছেন এই মহান শিক্ষক।
শেষ কর্মদিবসে তাঁকে নিয়ে সবারই একই অনুভূতি—
’এ যেন এক মহান শিক্ষাগুরুর নীরব অবসান—
যিনি রেখে গেলেন অগণিত স্বপ্ন আর অনুপ্রেরণার দিশা।”