কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তবে মূল ফটকের দুটি সিসিটিভি ক্যামেরার মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম ও স্থানীয় এক অটোরিকশাচালক।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। কিছুক্ষণ পর সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ফটকের আশপাশে থাকা ওই দুইজন আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হলেও মূল ফটকের ডান পাশের ক্যামেরাটি নষ্ট থাকায় তা সম্ভব হয়নি। জানা গেছে, ক্যামেরাটি অন্তত দুই মাস ধরে নষ্ট রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘আনুমানিক সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটে বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে ছোটখাটো একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সরেজমিনে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে, কৌটা দিয়ে আলপিন বা বারুদ ব্যবহার করে সম্ভবত হোমমেড একটি ককটেল তৈরি করে নিক্ষেপ করা হয়েছে। ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকার বিষয়ে প্রক্টর বলেন, ‘সিসিটিভি ক্যামেরাটি নষ্ট—এ বিষয়টি আমাদের জানানো হয়নি। যেকোনোভাবেই হোক ক্যামেরাটি দ্রুত ঠিক করার চেষ্টা করা হবে। প্রয়োজন হলে অন্য কোনো জায়গা থেকে ক্যামেরা এনে মূল ফটকে লাগানো হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ করতে টেন্ডারের প্রয়োজন হয়, তবে আপাতত নিরাপত্তার স্বার্থে অন্য জায়গা থেকে ক্যামেরা এনে হলেও এটি সচল করার ব্যবস্থা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ড. মো. মেহেদী হাসান বলেন, ‘সিসিটিভি নষ্ট থাকার বিষয়টি আমাদের স্টাফরা আমাকে জানায়নি। আমরা দ্রুত এটি ঠিক করার চেষ্টা করছি।’
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা এই মাত্র এসেছি। আমরা খবর পাওয়ার সাথে সাথে এসেছি। খোজ নিয়ে জানাতে হবে।”
এদিকে, প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।