রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (কোইউমুনা)-এর উদ্যোগে নবীন সদস্যদের স্বাগত জানাতে ‘ডিপ্লোম্যাটস ইনডাকশন: ওয়েলকামিং দ্য জেনারেশন ১০.০’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নবীন সদস্যদের সংগঠনের কার্যক্রম, কূটনৈতিক চর্চা, নেতৃত্বের বিকাশ এবং মডেল ইউনাইটেড নেশনসের বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত করানোর পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাহমিদ তাজওয়ার। এছাড়া সংগঠনটির উপদেষ্টা প্যানেলে ছিলেন অধ্যাপক ড. মো. মঈনুল হাসান, ড. মো. এমদাদুল হক ও মো. আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাসান আবির।
উপদেষ্টা অধ্যাপক ড. মো. মঈনুল হাসান বলেন, “মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক চর্চা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্যতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে পারে, সেই প্রত্যাশা করি। ‘জেনারেশন ১০.০’ এর সকল সদস্যের জন্য শুভকামনা রইল।”
প্রেসিডেন্ট তাহমিদ তাজওয়ার বলেন, “একটি সংগঠনের ধারাবাহিকতা ও সফলতা নির্ভর করে তার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার ওপর। ‘জেনারেশন ১০.০’ এর মাধ্যমে আমরা নতুন কিছু উদ্যমী সদস্যকে আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি। আশা করি, তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য ধারণ করে নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবে।”
আহ্বায়ক মেহেদী হাসান আবির বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু নতুন সদস্যদের বরণ করে নেওয়া নয়, বরং তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, বন্ধন ও কূটনৈতিক চর্চার প্রতি আগ্রহ তৈরি করা। আশা করি, নতুন সদস্যদের অংশগ্রহণে সংগঠনের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে।”
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্ব, যোগাযোগ সক্ষমতা এবং আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।