কুমিল্লায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার।।
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই মূল প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার কুমিল্লায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার। আলোচনা সভায় তিনি বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান সম্পন্ন হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। ২০২৬ সালের এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলাকে সম্পূর্ণ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে প্রশাসন, শিক্ষক সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন। বক্তারা দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জীবনমুখী শিক্ষার প্রসারের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।