স্টাফ রিপোর্টার।।
ইমারত নির্মাণ বিধিমালা ও নকশাবহির্ভূতভাবে কাজ করার অভিযোগে কুমিল্লা নগরীতে নির্মাণাধীন ৭টি বহুতল ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। আজ ৮ সেপ্টেম্বর দুপুরে কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিশেষ নির্দেশনায় নগরীর ডাক্তারপাড়া, কান্দিরপাড় এবং ট্রমা হসপিটালের বিপরীত এলাকার এই ভবনগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
তদারকি দল সূত্রে জানা যায়, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শহরের ডাক্তারপাড়া ও কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অপরিকল্পিত ও নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা ভবনগুলোর নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নির্মাণকাজ বন্ধের নির্দেশ পাওয়া ভবনগুলো হলো কান্দিরপাড়ের কাজী টাওয়ার,মজিবুর রহমান গং-এর বাণিজ্যিক ভবন, জামান-জাহানারা প্যালেস, সিলভার আলী ম্যানশন, ডাক্তার পাড়ার সিলভার টাওয়ার, একতা টাওয়ার, মাসুম টাওয়ার।
এ প্রসঙ্গে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. উদবাতুল বারী আবু বলেন, “আমরা কুমিল্লাকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। ইমারত বিধিমালা লঙ্ঘন করে কিংবা অনুমোদনহীনভাবে কোনো স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। আজ প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্দিষ্ট ৭টি ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের অনুমোদনের যাবতীয় কাগজপত্র তলব করা হয়েছে।”
চেয়ারম্যান আরও বলেন, “পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না রাখা, সীমানা প্রাচীর বা সিঁড়ি ফুটপাতের ওপর চলে আসা এবং নকশার বিচ্যুতি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবন মালিকরা যদি বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদন দেখাতে ব্যর্থ হন, তবে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”