মেঘনা প্রতিনিধি
কুমিল্লা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের চিকিৎসাসেবার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাধারণ জনগণ। রোববার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৬ ফেব্রুয়ারি মানিকারচর ইউনিয়নের মাতবরকান্দি গ্রামের জসীম উদ্দিনের ছেলে রুবেল শিকদার গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক অযথা সময়ক্ষেপণ করেন এবং প্রাথমিক চিকিৎসা না দিয়েই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। অতিরিক্ত রক্তক্ষরণে পরবর্তীতে রুবেলের মৃত্যু হয় বলে দাবি করেন তারা।
মোখলেছুর রহমান মানববন্ধন থেকে বলেন, “হাসপাতালে মানসম্মত চিকিৎসা নেই। অনেক সময় চিকিৎসকরা সরাসরি রোগী দেখেন না; কর্মচারীদের দিয়ে সেবা করান। প্রাথমিক চিকিৎসাও অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। অ্যাম্বুলেন্স ব্যবহারে অতিরিক্ত টাকা নেওয়া হয়।” তিনি আরও অভিযোগ করেন, এক্স-রে, ব্লাড টেস্টসহ বিভিন্ন পরীক্ষা স্বাস্থ্য কমপ্লেক্সেই করার কথা থাকলেও রোগীদের বাইরে থেকে করিয়ে আনতে বলা হয়।
রুবেলের মৃত্যুর ঘটনায় দিদার হোসেন বলেন, “রোগীকে হাসপাতালে নেওয়ার পর কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। তারপর আমাদের ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। এ মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়ী।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।
মানববন্ধন থেকে উপজেলা প্রশাসনের প্রতি ৯ দফা দাবি জানানো হয়—
১. দোষী চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
২. স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা।
৩. মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পর রেফার করা।
৪. প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে মান উন্নয়ন।
৫. নারীদের চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক গাইনি চিকিৎসক নিয়োগ।
৬. অসহায় রোগীদের ওষুধ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া।
৭. রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা।
৮. সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা।
৯. চিকিৎসাসেবা মনিটরিংয়ের জন্য কমিটি গঠন।