দেবিদ্বারে আনসার সদস্যদের সনদ জিম্মি ও অব্যাহতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি

পারভেজ সরকার, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে সাধারণ আনসার সদস্যদের মূল সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জিম্মি রেখে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

ভুক্তভোগী সাধারণ আনসার সদস্যদের অভিযোগ—তাদের অফিসের কর্মকর্তা আশরাফুল বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার পরিচয় ব্যবহার করে দাপ্তরিক প্রভাব বিস্তার করতেন। অভিযোগে আরও বলা হয়, তিনি সাধারণ আনসার সদস্যদের মূল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিজেদের নিয়ন্ত্রণে রেখে যথাযথ কারণ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ না করেই সদস্যদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন।

ভুক্তভোগী সদস্যরা জানান, আনসার বাহিনীর এই চাকরি তাদের জীবিকা, ভবিষ্যৎ ও সামাজিক মর্যাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গুরুত্বপূর্ণ সনদপত্র আটকে রাখা এবং চাকরি থেকে অব্যাহতির ঘটনায় তারা চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের শিকার হয়েছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এবং দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে রোববার (২২ নভেম্বর) একটি লিখিত আবেদন দাখিল করা হয়েছে। ভুক্তভোগী আনসার সদস্যদের পক্ষে নাজমুল হোসেন, কবির হোসেন, কালাম ও কামাল আবেদনটি করেছেন। পাশাপাশি অভিযোগে সহযোগী হিসেবে নজরুল (ভিংলা, দেবিদ্বার), ছামেদ (মোহনপুর, দেবিদ্বার) এবং শাহাবুদ্দীনের (ফতেহাবাদ, দেবিদ্বার) নাম উল্লেখ করা হয়েছে।

আবেদনে ভুক্তভোগীরা মূলত তিনটি দাবি জানিয়েছেন: ১/ আশরাফুলের বিরুদ্ধে ওঠা অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করা। ২/ জিম্মি থাকা সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র অবিলম্বে ফেরত দেওয়া এবং যথাযথ কারণ ও বিধিবিধান অনুসরণ না করে অব্যাহতিপ্রাপ্ত সদস্যদের বিষয়টি পুনর্বিবেচনা করা। ৩/ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এদিকে, দাবি আদায়ে স্থানীয়ভাবে ব্যানার হাতে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন ভুক্তভোগী আনসার সদস্যরা। তারা এ বিষয়ে মানবিক ও প্রশাসনিক গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত কর্মকর্তা আশরাফুল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।