দেবিদ্বার প্রতিনিধি।।
টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় যান্ত্রিক চাষাবাদ কার্যক্রম শুরু হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৫ একর ব্লক প্রদর্শনীর আওতায় এই কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের চাহিদা ও উপযোগিতা বিবেচনায় বোরো মৌসুমের জন্য ধানের জাত হিসেবে নির্বাচন করা হয়েছে ব্রি ধান-১০২।
মাঠে গিয়ে দেখা যায়, রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে সারিবদ্ধভাবে দ্রুতগতিতে ধানের চারা রোপণ করা হচ্ছে। এক বিঘা জমিতে চারা রোপণে সময় লাগছে মাত্র ৩০ মিনিট। প্রস্তুত জমিতে ৩৫ দিন বয়সী বোরো ধানের চারা রোপণ করছেন মেশিনচালকরা। এ কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষক-কৃষাণীরা।
স্থানীয় কৃষক মো. মোসলেম উদ্দিন বলেন, হাতে চারা রোপণ করলে প্রতি বিঘা জমিতে শ্রমিক খরচ পড়ে সাড়ে তিন হাজার থেকে তিন হাজার টাকা। অথচ সিডলিং ট্রেতে চারা তৈরি করে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করলে বিঘা প্রতি খরচ দাঁড়ায় প্রায় এক হাজার টাকা। তিনি বলেন, সময়মতো শ্রমিক না পাওয়া এবং অতিরিক্ত মজুরির ঝামেলা যান্ত্রিক পদ্ধতিতে অনেকটাই কমে গেছে।
ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুরুতে অনেক কৃষক মেশিনে রোপণ করা জমি দেখে কিছুটা সংশয় প্রকাশ করেন। তবে ১৫ থেকে ২০ দিন পর কুশি বের হলে দেখা যায়, মেশিনে রোপণ করা জমিতে হাতে রোপণ করা জমির তুলনায় কুশির সংখ্যা বেশি হয়। তিনি আরও জানান, গত বছর পাশের গ্রামে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয় চাষাবাদ করে ভালো ফলন পাওয়ায় এবার কৃষকরাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, প্রকল্পের আওতায় দেবিদ্বার উপজেলায় দুটি ৫ একর ব্লক প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। একটি ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এবং অন্যটি দেবিদ্বার পৌরসভার উত্তরপাড়ায়। তিনি জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষিতে যান্ত্রিকীকরণ জোরদার করা, বিশেষ করে রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার জনপ্রিয় করা এবং বোরো মৌসুমে নতুন জাত ব্রি ধান-১০২ এর সম্প্রসারণ।
তিনি আরও বলেন, রোপণের পর আধুনিক সেচ ব্যবস্থাপনার অংশ হিসেবে এডব্লিউডি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষকদের পানির সাশ্রয়ী ব্যবহারেও অভ্যস্ত করা হবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।