দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পদ্মকোট বাজারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস প্রয়াত আবদুল আউয়াল খানের কবর জিয়ারত করেন। পরে মরহুম নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সগির আহম্মেদ।

সভায় সভাপতির বক্তব্যে নবগঠিত কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন সরকার বলেন, “দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজপথে নিরলস সংগ্রাম করে আসছে। আমাদের ওপর অর্পিত এই নতুন দায়িত্ব কেবল একটি পদ নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলনের একটি পবিত্র আমানত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা একযোগে কাজ করব। ভেদাভেদ ভুলে দলকে জনকল্যাণমুখী শক্তিতে রূপান্তর করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দুলাল ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, হারুনুর রশিদ, আলী আহমদ, ইদ্রিস মাঝি, মোহর আলী, শহিদুল ইসলাম খন্দকার, আবুল কালাম আজাদ ও আবুল কালাম মাস্টার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব শাহ আলম ডাক্তার, সদস্য মোজাফফর আহমেদ, জহিরুল ইসলাম কাইয়ুম, শাহাদাত হোসেন মেম্বারসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিচিতি সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পদ্মকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আনন্দমুখর পরিবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ পথচারী ও দোকানদারদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।