দেবিদ্বারে দিনের অভিযানে থামেনি দখল, রাতে দ্বিতীয় দফায় ফের প্রশাসনের হানা

পারভেজ সরকার, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় দিনের অভিযানে সড়ক দখলমুক্ত করার পরও থামেনি দোকানপাট বসানোর প্রবণতা। সন্ধ্যার পর আবারও সড়কে দোকান বসতে শুরু করার খবর পেয়ে রাতেই দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে একই দিন বিকেল ৩টা থেকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার পান বাজার, কাঁচাবাজার, ফল বাজার ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযান চালানো হয়। এ সময় সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনা ও ব্যবসায়িক মালামাল উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়ক দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে দিনের অভিযান শেষে সন্ধ্যার পর আবারও দোকানপাট বসতে শুরু করার খবর পেয়ে রাত ৮টায় পুনরায় অভিযানে নামে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।