দেবিদ্বার প্রতিনিধি।।
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি’ এবং ‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই এ প্রজন্ম, বাঁচাই জীবন’ এমন স্লোগানে কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় রোববার (১৬ আগস্ট) বিকেলে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার থানা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মোহাম্মদ শাহীন বলেন, মাদক নির্মূল করা বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ। সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদক নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তিনি মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে শুধু পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুর রহমান, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ভিপি মাফুজ সরকার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার,সৈয়দ খলিলুর রহমান বাবুল, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি হাজী মামুনুর রশীদ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সিয়াম আহমেদ, কুমিল্লা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাবেক ছাত্রদল নেতা সোহেল নেয়ামত মেম্বার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কায়সার, যুবদল নেতা জুয়েল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা বাছির সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম ও কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সমাবেশস্থল থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি দেবিদ্বার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার থানা ফটকের সামনে গিয়ে শেষ হয়।