দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে বাঁশ-বেতের কারিগর শফিকুল ইসলাম (৪০) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় উপজেলার বারুর ও বারেরা-খোদাইচর এলাকার বাসিন্দারা খোদাইচর বটতলায় এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে নিহত শফিকুল ইসলামের স্ত্রী নারগিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেন। তিনি অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে নিশাত জোর করে ঘর থেকে বের করে নিয়ে যায়। তিনি স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও তাঁকে হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয়। পরে তিনি স্বামীকে আর বাঁচাতে পারেননি।
নারগিস আক্তার বলেন, আমি আমার স্বামীর প্রাণভিক্ষা চেয়েছিলাম। কিন্তু আমার কোনো কথা তারা শোনেনি। আমাকে মারধরও করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। প্রধান অভিযুক্ত লিমনের বিরুদ্ধেও অতীতে হামলার একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, শফিকুল হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের প্রভাব বা টালবাহানা ছাড়াই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সমাজসেবক ময়নাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হাজী জাকির হোসেন মেম্বার, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, কাইয়ুম বিএসসি, বিএনপি নেতা কাইয়ুম, নিহতের বড় ভাই নুরুল ইসলাম ও আকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে আরো উপস্তিত ছিলেন, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, কালাম, ব্যাংকার ফারুক, শাহআলম, শাহজান, ইউনুস, আবুল হোসেন, শরীফ ও শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।