দেবীদ্বারে বিএনপি নেতাকে লাঞ্ছিতের অভিযোগ, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ককে শোকজ

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:

‎দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সরকারকে শারিরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে- কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব‍্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সীর বিরুদ্ধে।

‎ঘটনাটি ঘটে, গত শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা- ৪  (দেবীদ্বার) আসনের বিএনপি দলীয় সাবেক ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর গুলশানস্থ বাসভবনে বিএনপি দলীয় এক বৈঠকে।

‎অভিযুক্ত ব্যারিষ্টার রেজভীউল আহসান মুন্সী সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে।

‎এই ঘটনায় রবিবার (৪ অক্টোবর) বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক বিবৃতিতে দলীয় শৃংখলা ভঙ্গের কারণ দর্শাতে আগামী এক সপ্তাহের মধ্যে তার লিখিত জবাব দেওয়ার জন্য যুগ্ম আহ্বায়ক ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী বরাবর নোটিশ প্রদান করা হয়েছে।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় পেইডে ১২/২০২৬ইং স্মারকে এবং ০৪-১০-২০২৬ইং তারিখের নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি বিগত ০৩/১০/২০২৬ইং তারিখে দেবীদ্বার উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব, নজরুল ইসলাম সরকারকে অকথ্য ভাষায় খারাপ আচরণ সহ মারধরের মতো কর্মকান্ডে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা লিখিত ভাবে আগামী ৭ দিনের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হইল।

‎অপরদিকে দলের পেইডে দেবীদ্বার উপজেলা বিএনপির পক্ষ থেকে রবিবার (৪ অক্টোবর ) সন্ধ্যায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন এবং সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপি প্রকাশ করা হয়েছে।

‎প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব‍্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সী কর্তৃক দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সরকারের ওপর অন্যায় ও বর্বর শারীরিক লাঞ্ছনার ঘটনায় আমরা তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।

‎গত শনিবার বাদ মাগরিব সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর গুলশানস্থ বাসভবনে এক দলীয় মতবিনিময় সভা চলাকালে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দের সামনেই ব‍্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সী সম্পূর্ণ অন্যায়ভাবে মোঃ নজরুল ইসলাম সরকারের ওপর চড়াও হন এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

‎দলীয় এক দায়িত্বশীল নেতার প্রতি অপর এক নেতার এমন শিষ্টাচারবহির্ভূত, ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক আচরণ কেবল দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থীই নয়, বরং তা দেবীদ্বার উপজেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য অত্যন্ত অপমানজনক। একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংগঠনের ঐক্যে চরম আঘাত হেনেছে। আমরা দেবীদ্বার উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মানহানি কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

‎এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝর। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি দলীয় উপজেলা ও তৃনমুলের নেতৃবৃন্দ।

‎এবিষয়ে জানতে অভিযুক্ত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব‍্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

‎