গাজী রুবেল,ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দলীয় অবস্থান হবে কঠোর এবং আপসহীন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। মাদকের ক্ষেত্রে থাকবে জিরো টলারেন্স। যে দলেরই হোক, মাদক ব্যবসা, সেবন বা পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হলে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি চর্চা করতে হবে। ব্যক্তিস্বার্থে বা প্রভাব খাটিয়ে কোনো ধরনের অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের যৌর্থ পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, মাজহারুল হক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ জাহান সাজু, আনিছুর রহমান রিপন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ প্রমূখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।