প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি

ডেস্ক রিপোর্ট।।

‎জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগ করেন।

‎এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

‎গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনা ঘটে। ফেরদৌসী আহমেদ ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। হামলার ঘটনার পরপরই ফেরদৌসীর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

‎রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। এ ছাড়া এই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

‎এদিকে ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।