“বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” –ইউএনও অশোক বিক্রম চাকমা

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।

‘শিশুবিয়ে আর নয়- কন্যা করবে বিশ্বজয়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবীদ্বারে জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত “জাতীয় কন্যা শিশু দিবস”র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমানুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাছরিন আক্তারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা।

বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিশিষ্ট রাজনীতিক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক শফিউল আলম রাজীব, নিজেরা করি সংস্থার সংগঠক আলমগীর হোসেন, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক হাসনা বেগম, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী নাজিয়া আক্তার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, আমাদের কন্যারা আজ শুধু ঘরের চার দেয়ালে বন্দী নয়; তারা মহাকাশ জয় করছে, দেশের অর্থনীতি সচল রাখছে, রাজনীতি, বিজ্ঞান, খেলাধুলা ও প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে। সুযোগ ও সঠিক পরিবেশ পেলে তারা যেকোনো পুরুষ বা ছেলের চেয়ে কোনো অংশে কম নয়, তা তারা বারবার প্রমাণ করেছে। তাই কন্যাদের অবহেলা নয়, তাদের শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিত করে এবং বাল্যবিয়ে থেকে মুক্ত রাখতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে একটি র‍্যালির আয়োজন করা হয়।