ব্রাহ্মণপাড়ায় চারিপাড়া আইডিয়াল স্কুলের শেয়ারদারদের টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলন

গাজী রুবেল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়াল স্কুলের শেয়ারদারদের টাকা আত্মসাতের অভিযোগে মো. জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির শেয়ারদার ও সহ-সভাপতি মো. আলমগীর হোসেন।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় চারিপাড়া আইডিয়াল স্কুলের প্রধান ফটকের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, ২০০৭ সালে এলাকার ২৯ জন শেয়ারদার মিলে দীর্ঘদিনের প্রচেষ্টা ও কষ্টের মাধ্যমে চারিপাড়া আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি পরিচালনার একপর্যায়ে শেয়ারদারদের মধ্যে মো. জাকির হোসেনকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়।

তিনি অভিযোগ করে বলেন, পরবর্তীতে জাকির হোসেন প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপন করে প্রায় ১৫ লাখ টাকা লোকসান দেখান। এরপর শেয়ারদাররা আরও ১৮ লাখ টাকা তুলে দেন। কিন্তু পরবর্তীতে ওই অর্থের সঠিক হিসাব দেওয়া হয়নি। হিসাব চাইলে বিভিন্ন কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় এবং যারা হিসাবের বিষয়ে প্রশ্ন তুলেছেন, তাদেরও বিভিন্নভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আলমগীর হোসেন আরও বলেন, শেয়ারদার ও স্থানীয় লোকজন একাধিকবার উদ্যোগ নিয়েও প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বুঝে নিতে পারেননি। পরে এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগের পর ইউএনও বিষয়টি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক রহমানকে দায়িত্ব দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক রহমান জাকির হোসেনকে ডেকে চার দিনের মধ্যে প্রতিষ্ঠানের হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত তারা কোনো হিসাব পাননি বলে অভিযোগ করেন আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আমাদের রক্ত-ঘাম ঝরানো কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আমরা স্কুলটি ধ্বংস হতে দিতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হিসাব ও অনিয়মের বিষয়টি বের করে সমস্যার সমাধান চাই।

এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।