ব্রাহ্মণপাড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে আহত ২ শিক্ষার্থী

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলো, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী গোপালনগর গ্রামের সালাউদ্দিনের ছেলে সামি (৭) এবং একই এলাকার খায়ের খানের মেয়ে নাফিজা নূর (৮)।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্বাভাবিকভাবে ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে ফ্যানের নিচে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকদের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত সামির মাথায় গুরুতর আঘাত লাগে। তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়েছে। অন্যদিকে নাফিজা নূরের বাম চোখের পাশে আঘাত লাগে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী শিক্ষক জামাল উদ্দিন বলেন, ক্লাস চলাকালীন হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি সিলিং ফ্যান পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। আহত নাফিজা নূরের মা ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার বলেন, “খবর পেয়ে গিয়ে দেখি আমার মেয়েসহ দুই শিক্ষার্থী আহত হয়েছে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই। আমার মেয়ের চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়ের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ বলেন, আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে, অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।