মেঘনা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় শিক্ষার্থী সাব্বির হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পূর্বে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও প্রধান আসামিদের গ্রেপ্তার না হওয়ায় এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা বাজার সড়কে ইট (ব্রিকেট) ফেলে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে নিহত সাব্বিরের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে সাব্বিরের মা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান। তিনি বলেন, “আমার ছেলের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে আলী শাহ ভান্ডারীর ওরশ উপলক্ষে আয়োজিত বাউলগানের অনুষ্ঠানে লক্ষণখোলা গ্রামের কিশোর গ্যাং সদস্য নাঈম ও তার সহযোগীরা এক নারীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করলে নাঈম ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এরই জেরে পরদিন ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিহাদ (২২) ও শাহজালাল ওরফে সাব্বির (২০)সহ কয়েকজন সিএনজি অটোরিকশাযোগে মানিকারচরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে লক্ষণখোলা বাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা নাঈমের দল সিএনজির গতিরোধ করে।
এ সময় সাব্বিরকে সিএনজি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়। এছাড়া তার শরীরের স্পর্শকাতর স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে জিহাদসহ আরও কয়েকজনকে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।
নিহত সাব্বির দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মেজ ছিলেন। তার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।