রোমান মিয়াজী, দাউদকান্দি
পবিত্র মাহে রমজানকে ঘিরে কুমিল্লার দাউদকান্দি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাংস, ডিম, সবজি, ফলসহ অধিকাংশ পণ্যেই বেড়েছে দাম। ফলে বাড়তি চাপ পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের ওপর।
বাজারে সরেজমিনে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে। পাকিস্তানি মুরগি ৩৩০ টাকা, গরুর মাংস ৯৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের হালি ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে বেগুন ১৬০, ফুলকপি ৫০, লেবু ১২০, কাঁচামরিচ ১৪০ এবং শসা ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চাপাকলা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। বিশেষ করে লেবুর দাম নিয়ে ভোক্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে।
ক্রেতা বোরহান সরকার বলেন, “রমজান সামনে রেখে প্রায় সব কিছুর দাম বাড়ছে। আয় না বাড়লেও বাজার খরচ বেড়ে যাওয়ায় মধ্যবিত্তরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।”
আরেক ক্রেতা রমিদ আবু সাইদ অভিযোগ করে বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে দাম বাড়িয়েছে। প্রশাসনের নজরদারি ছাড়া কিছুই ঠিক হবে না।”
এ প্রসঙ্গে ‘ঘোষ ভান্ডার’-এর মালিক বনমালী ঘোষ দাবি করেন, মুদি পণ্যের বাজারে আগের তুলনায় বেশি চাপ নেই। তবে সবজি ব্যবসায়ী সোহেলজানান, “রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় আড়তদারেরা দাম বাড়িয়ে দিচ্ছে, খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে।”
এদিন বাজার পরিদর্শনে এসে খন্দকার মারুফ হোসেন বলেন, সরকার ও দলের নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে। রমজানে অতিরিক্ত মূল্য আদায় করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি ব্যবসায়ীদের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার আহ্বান জানান।
সাধারণ মানুষের দাবি, রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি জরুরি। দাম নিয়ন্ত্রণে না এলে খেটে খাওয়া মানুষের ওপর বাড়তি বোঝা আরও বেড়ে যাবে।