হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

আবু সুফিয়ান:

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার আওতাধীন পঞ্চম জেলা পানি সরবরাহ প্রকল্প ও কুমিল্লা পৌরসভার (বর্তমান কুমিল্লা সিটি করপোরেশনের) পানি সুপার মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে মালেক-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের বাস ভবন নূর জানাহ ভিউতে এ আয়োজন করা হয়।

এ সময় মালেক-নূরজাহান ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করায় সমাজ সেবা করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কমনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন, সহ-প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বি.এম আসনান স্বাধীন মালেক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠানে আলোচনা রাখেন কুমিল্লা পুলিশ লাইন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরফুদ্দীন আল হুসাইনী, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের ধর্মীয় আলোচক মাওলানা শাহ জালাল সিরাজী।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন বলেন, “আমার বাবা সততা ও দায়িত্বশীলতার সাথে দীর্ঘদিন কুমিল্লা পৌরসভায় কর্মরত ছিলেন। আমরা দুই ভাই ও তিন বোন দেশে-বিদেশে কর্মরত আছি। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে মালেক-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও জানান, তাঁরা পাঁচ ভাই-বোন এই ফাউন্ডেশনের ব্যয় নির্বাহ করেন। এই ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা হয় এবং এর অধীনে একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসাও পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়া ২০২০ সালের ৮ জুলাই ক্যানাডার ব্রাম্পটন শহরে ইন্তেকাল করেন।