মো. কামাল হোসেন মোল্লা।।
কুমিল্লার হোমনা উপজেলার ১নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুজ্জামান মিন্টু।
সোমবার বিকেলে উপজেলার মহিষমারি গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে নুরুজ্জামান মিন্টু জানান, তিনি বিগত দিনে ১২ বছর ওয়ার্ড মেম্বার ও মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সফলতার সাথে কাজ করেছেন।
স্থানীয় জনগণের চাওয়া ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক আন্দোলন ও মামলা-হামলার কারণে তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন। শত জুলুম ও অত্যাচার সহ্য করেও তিনি রাজপথে দলের সাথে থেকেছেন এবং এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন।
ভবিষ্যতেও নির্বাচিত হলে মাথাভাঙ্গা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।