৩০টি অসহায় পরিবারের পাশে সাহেবাবাদ ডিগ্রি কলেজের বিএনসিসি

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি 

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সাহেবাবাদ ডিগ্রি কলেজ বিএনসিসি প্লাটুন। ক্যাডেটদের নিজস্ব জমানো অর্থ দিয়ে ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার(১৮ মার্চ) সকালে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে প্লাটুনের সদস্যরা। সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও নিজেদের উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তারা সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করেছে।
বিএনসিসি সদস্য মোঃ ফয়সাল জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “অল্প হলেও আমাদের এই প্রচেষ্টা যদি কিছু মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দেয়, সেটাই আমাদের বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপকারভোগী পরিবারগুলো এ সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।