গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ অফিস খুলে স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতার নাম হাবিবুর রহমান। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া এলাকার মৃত ফরিদ মেম্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহূর্তে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগ অফিস খুলে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ভিডিও ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।