ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিতে যাকাত ব্যবস্থার বিকল্প নাই-সাবেক ভিসি প্রফেসর ড. শামসুল আলম

পারভেজ সরকার,দেবিদ্বার।।
ইসলামী আরবী বিশ্ববিদালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তিতে যাকাত ব্যবস্থার বিকল্প নাই। অর্থনৈতিক মুক্তি অর্জন এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত আদর্শ ও শিক্ষাকে অনুসরণ করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো অর্থনৈতিক নীতি বাস্তবায়ন ছাড়া একটি শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সীরাত উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক মুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা:)-এর শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকার যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, দেবিদ্বার ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, বাঙ্গরা বাজার উপজেলা আমীর মাস্টার আব্দুর রহিম এবং জাতীয় নাগরিক পার্টি দেবিদ্বার উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।