কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল নারী সমাবেশ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকালে লাকসামের দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।

গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো প্রান্তিক মানুষের ভাগ্য বদলে দিচ্ছে। তবে এর পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ করতে হবে এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। কোনো অবস্থাতেই সমাজে গুজব ছড়াতে দেওয়া যাবে না এবং বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন বলেন, “প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের মাঝে নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে হবে। মায়েরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধ এবং ডেঙ্গুর মতো মহামারি মোকাবিলা করা অনেক সহজ হবে। সরকারের কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের সুবিধা নিয়ে আমাদের কৃষকরা এগিয়ে যাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।”

সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক বলেন, “‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বার্তা সুনির্দিষ্টভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়।