জনস্বাস্থ্য সুরক্ষায় ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে জরিমানা

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস। এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনুমোদন, পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলা সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।