আহনাফ তিহামী, তিতাস।।
কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাগবিতণ্ডার পর তাঁকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম শান্তি (৬৫) ইউসুফপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলে মমিতুল ইসলাম রাজন (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম শান্তির সঙ্গে তাঁর ছোট ছেলে মমিতুল ইসলাম রাজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে কিল-ঘুষির ঘটনা ঘটে। এ সময় নুরুল ইসলাম শান্তি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর স্থানীয় লোকজন রাজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলাম শান্তির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটক রাজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহতের বড় ছেলে মহিমুল ইসলাম মোহন বলেন, আমি হোমনা উপজেলার ঘাড়মোড়ায় বিকাশের দোকানে চাকরি করি। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি বাবা মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া বলেন, রাজনের মা তার বাপের বাড়ি সাহাবৃদ্ধি গ্রামে ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে আট লাখ টাকা পেয়েছেন। শনিবার তিনি তার ভাইদের কাছ থেকে বিক্রি করা সম্পত্তির টাকা থেকে ৩ লাখ ৮৮ হাজার টাকা নিয়ে আসেন। এ টাকা নিয়ে রাজনের মায়ের সঙ্গে রাজনের মামাদের ঝগড়া হয়েছে বলে তিনি শুনেছেন।
তিনি বলেন, রাজন শুক্রবার রাতে তার মামার বাড়ি সাহাবৃদ্ধিতে ছিল। শনিবার সকালে ইউসুফপুরে এসে বাবা-মায়ের কাছে টাকা চায়। মূলত টাকা চাওয়াকে কেন্দ্র করেই বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। রাজন আগে গৌরীপুর বাজারের একটি ফার্মেসিতে চাকরি করলেও বর্তমানে বেকার।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।