দেবিদ্বারে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ, আহত ৫

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাজ্জাদ (১৮) নামে এক যুবকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত সাজ্জাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ ওই গ্রামের শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে সাজ্জাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তাঁর ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কাউসার নামে এক ব্যক্তি সাজ্জাদকে বাড়ি থেকে ডেকে বাড়ির পেছনের সড়কে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রামদার আঘাতে সাজ্জাদের মাথা ও পেটে গুরুতর জখম হয়। সাজ্জাদের চিৎকার শুনে তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে আরও কয়েকজন হামলার শিকার হন। এ ঘটনায় আহত অন্যরা হলেন—মো. শাকিব, মো. রিয়াদ, মো. ফিয়াদ ও সাঈদ।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সাজ্জাদকে উদ্ধার করে প্রথমে চান্দিনা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।