পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট।।

পল্লী সঞ্চয় ব্যাংকের সাংগঠনিক কাঠামো সম্পূর্ণরূপে অনুমোদন ও ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির মেঘনা উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৪ নভেম্বর) ব্যাংকটির মেঘনা উপজেলা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যাংকের মেঘনা উপজেলা শাখার ব্যবস্থাপক আব্দুল মজিদ, জুনিয়র অফিসার স্বপ্না আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক, যা ২০১৪ সালের ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন’ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। সাবেক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় ব্যাংকটি গঠিত হয়েছিল। বর্তমানে ব্যাংকটি দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটিতে প্রায় ১১ হাজার জনবল কর্মরত রয়েছেন।

তারা আরও বলেন, বিশাল এই জনবলের মধ্যে দীর্ঘদিন ধরে পদবি পরিবর্তন ও পদোন্নতি না পাওয়ার হতাশা বিরাজ করছে। একই পদে চাকরিতে যোগ দিয়ে দীর্ঘকাল একই পদে থাকতে হচ্ছে অনেক কর্মকর্তা-কর্মচারীকে। ফলে তাঁদের কর্মস্পৃহা দিন দিন কমে যাচ্ছে। এতে ব্যাংকটির কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠাও বাধাগ্রস্ত হচ্ছে।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে পদবি পরিবর্তন ও পদোন্নতির দাবি জানিয়ে আসছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১২৩তম বোর্ড সভায় পদবি পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে ১৩ নভেম্বর ২০২৪ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। পরবর্তী সময়ে জনবল কাঠামো অপরিবর্তিত রেখে পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিচালনা পর্ষদের ১৩৯তম বোর্ড সভায় সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন করে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।

তবে দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সাংগঠনিক কাঠামো নিয়ে একাধিকবার সভা অনুষ্ঠিত হলেও এখনো তা চূড়ান্ত অনুমোদন পায়নি বলে জানান বক্তারা।

এ অবস্থায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুদৃষ্টি কামনা করে ৪ নভেম্বর ২০২৬ তারিখে পল্লী সঞ্চয় ব্যাংকের সব শাখা ও জেলা কার্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের আহ্বান জানান ব্যাংকটির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

তাঁদের দাবি, ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পাঠানো সাংগঠনিক কাঠামোটি ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত সম্পূর্ণরূপে অনুমোদন দিতে হবে।