বুড়িচংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সংখ্যালঘু নারী ও পরিবারের উপর হামলা, মারধর, হত্যার হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভাড়া বাসায় মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় সংখ্যালঘু নারী ও তার পরিবারের উপর হামলা, মারধর ও হত্যা করে লাশ ঘুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বুড়িচং থানায় এ অভিযোগটি করেন ওই নারী।

উপজেলার ময়নামতি ইউনিয়ন এর শাহদৌলতপুর গ্রামের শংকর দেবনাথ এর স্ত্রী ভুক্তভোগী জ্যোতি রানী দেবনাথ (২৭)। তারা ওই গ্রামের সাহেব বাজার এলাকায় ভাড়া থাকেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে মনির হোসেন, রঞ্জিত, দুলাল ও জয়েনালসহ কয়েকজন জ্যোতি রানী দেবনাথের ভাড়া বাসায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ করছিল। জ্যোতি রানী দেবনাথ প্রতিবাদ জানালে অভিযুক্তরা তার উপর ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করার এক পর্যায়ে জ্যোতি রানী দেবনাথকে লাঠিসোটা দিয়ে মারধর করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীগন হত্যার উদ্দেশ্য দা নিয়ে এগিয়ে আসলে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এছাড়া অভিযুক্তরা ভবিষ্যতে এ বিষয়ে কোনো অভিযোগ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জ্যোতি রানী দেবনাথ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে শংকর দেবনাথ বলেন, অভিযুক্ত মনির হোসেন প্রায় সময় এ পরিবারের উপর অমানুষিক নির্যাতন করে আসছেন, প্রতিবাদ জানালে তাকে হত্যার হুমকি প্রদান করেন, সেই সাথে মনির হোসেনের পার্শ্ববর্তী ঘোষ নগর গ্রামের পিয়াস নামের এক বন্ধু (আর্মি চাকরিরত) মাদকের সাথে সম্পৃক্ত, ডিপেন্স এর ভয় দেখিয়ে হুমকি ধামকি দিয়ে থাকেন।

এদিকে, থানায় অভিযোগ করার অপরাধে ওইদিন রাতে এই পরিবারের উপর আবারো হামলা চালায় অভিযুক্ত মনির হোসেন, এ সময় স্থানীয়রা নিকটস্থ দেবপুর পারি পুলিশকে বিষয়টি অবহিত করলে, ঘটনাস্থলে পুলিশ আশায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির হোসেন দ্রুত পালিয়ে যান।

উল্লেখ্য, অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে, গরু চুরি, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।।