ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসর থেকে তিন জুয়ারি আটক

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের লিংক পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ গ্রামের নায়েব আলী সর্দার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

আটককৃতরা হলেন—দেউষ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. হারিজ (৪১), শিদলাই গ্রামের মজিবুর রহমান ভূঁঞার ছেলে মো. মেহেদী হাসান প্রকাশ নিরব (৩২) এবং একই গ্রামের মৃত মনিরুলের ছেলে মো. মহিউদ্দিন সরকার প্রকাশ পিয়াস (৩২)।

পুলিশ জানায়, মো. হারিজের ব্যবহৃত ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস মডেলের মোবাইলে কেইউ নাইন, জায়া নাইন ও পিজেওকে নামের অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়।
এ ছাড়া মেহেদী হাসানের রেডমি নোট ১২ মডেলের মোবাইলের ব্রাউজারে জুয়ার ওয়েবসাইটের একাধিক লিংক ও অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। অপরদিকে মহিউদ্দিন সরকারের স্যামসাং গ্যালাক্সি এ০৬ মডেলের ফোনে ওলেম ক্যাসিনো ও ওয়ানএক্স ক্যাসিনো অ্যাপস পাওয়া যায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলা হাজতে পাঠান।