ভাঙচুর-জরিমানার পরও বহাল তবিয়তে রিসোর্ট নির্মাণ, প্রশ্নের মুখে প্রশাসনিক নির্দেশনা

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া ব্রিজ সংলগ্ন সরকারি খাল দখল করে রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, স্থাপনার অংশবিশেষ ভেঙে দেওয়া এবং জরিমানা করার পরও নির্মাণকাজ অব্যাহত থাকায় প্রশাসনিক নির্দেশনার কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-টু-মীরপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত বড়ধুশিয়া ব্রিজ সংলগ্ন সরকারি খালের ওপর একটি রিসোর্ট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ স্থাপনার অংশবিশেষ অপসারণ এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এখনো প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। ফলে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অবস্থান ও নির্দেশনার বাস্তবায়ন নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বড়ধুশিয়া এলাকার একাধিক বাসিন্দা জানান, প্রশাসনের অভিযান ও জরিমানার পরও নির্মাণকাজ বন্ধ হয়নি। বরং আগের মতোই কাজ চলমান রয়েছে। তাদের দাবি, প্রভাবশালী মহলের আশ্বাস পেয়েই রিসোর্ট মালিক নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।

এদিকে এলাকাবাসীর মধ্যে আরও অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার মধ্যস্থতায় মোটা অংকের অর্থ লেনদেনের পর পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়েছে। তাদের দাবি, প্রশাসনের অভিযান, জরিমানা এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশনার পরও ওই নেতাদের আশ্বাসে রিসোর্ট কর্তৃপক্ষ সরকারি খালের ওপর নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

অভিযোগের বিষয়ে রিসোর্টের মালিক বাশার মিয়া বলেন, “আমি অনুমতি নিয়েই কাজ শুরু করেছি। এ বিষয়ে কোনো কিছু জানতে চাইলে এসিল্যান্ডের সঙ্গে কথা বলতে পারেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খালের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ অংশ অপসারণের পাশাপাশি জরিমানাও করা হয়। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

স্থানীয় সচেতন মহল মনে করছে,সরকারি খাল ও জলাধার দখলমুক্ত রাখতে প্রশাসনের আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় সরকারি সম্পত্তি দখলের এমন প্রবণতা ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “সরকারি জায়গায় ব্যক্তিগত কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের সুযোগ নেই। বড়ধুশিয়া এলাকায় সরকারি খালের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার বিরুদ্ধে অচিরেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি খাল ও জলাধার দখলমুক্ত রাখতে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে অবৈধ নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ করবে।