ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ড অফিসের ঢিলছোঁড়া দূরত্বে ড্রেজারে কৃষিজমি ভরাট, দেখেও না দেখার ভান প্রশাসনের
গাজী রুবেল।।
সরকারের কৃষিজমি রক্ষা নীতিমালা এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ঘোষিত জিরো টলারেন্স নীতিকে উপেক্ষা করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে প্রকাশ্যে কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে।
উপজেলা পরিষদ কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ঢিলছোঁড়া দূরত্বে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি ভরাটের কাজ চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রায় ১০০ থেকে ১২০ গজ পশ্চিমে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি এনে কৃষিজমি ভরাট করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের ভূইয়া বাড়ির তসলিম ভূইয়া নামের এক ব্যক্তি ওই এলাকায় ভরাট কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ রয়েছে, কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাটি এনে জমি ভরাট করা হচ্ছে। এতে একদিকে কৃষিজমি কমে যাচ্ছে, অন্যদিকে পরিবেশ ও কৃষি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তসলিম ভূইয়া বলেন, “বর্তমানে উপজেলার পাশে আমার একটি সাইট চলছে। সাহেবাবাদ উত্তরপাড়া এলাকার দুলাল হাজীর ফিশারি থেকে মাটি আনা হচ্ছে।
জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সঙ্গে কথা বলেই মাটি কাটার ব্যবস্থা করেছেন। আমাকে বলা হয়েছে কাজ করতে কোনো সমস্যা নেই। সবাইকে ম্যানেজ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদর এলাকার একাধিক বাসিন্দা বলেন, “উপজেলা পরিষদ ও এসিল্যান্ড অফিসের এত কাছে প্রকাশ্যে ড্রেজার দিয়ে কৃষিজমি ভরাট করা হলেও প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিষয়টি সাধারণ মানুষের কাছে অত্যন্ত রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে।
তারা আরও জানান, প্রায় ৫৪ শতক জমি ভরাটের জন্য প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের কৃষিজমি রক্ষার নীতিমালা এবং স্থানীয় সংসদ সদস্যের জিরো টলারেন্স ঘোষণার পরও এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে অবৈধভাবে কৃষিজমি ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা ও অবৈধ ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও কৃষিজমি ভরাটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমি এখনই এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি।