মাদকবিরোধী দিবসে দেবিদ্বারে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

সিনিয়র রিপোর্টার।।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার যুব বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পারিবারিক ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

​শুক্রবার (২৬ জুন) সকা‌লে আয়োজিত এই কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপ‌জেলা সদ‌রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা যুব বিভাগের সভাপতি মু. শরীফুল ইসলাম সরকার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস. এম. আব্দুল আলিম এবং পৌর যুব বিভাগের সেক্রেটারি মামুনুর রশিদ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের ক্ষতিই করে না, এটি পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই।”

​বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া বলেন, “মাদকবিরোধী অভিযানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা যথেষ্ট নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

​সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান এবং পৌর সেক্রেটারি ক্বারী অলিউল্লাহ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. নুরুল হুদা, মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, পৌর সহকারী সেক্রেটারি মু. জাকির হোসেন ও মো. বিল্লাল হোসেনসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিপুলসংখ্যক নেতাকর্মী। সমা‌বেশ শে‌ষে গোমতী নদী‌তে বেশ কিছু মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন নেতৃবৃন্দ।